সাহারা খাতুন রাজনৈতিক ইতিহাসের ধ্রুবতারা: টেলিযোগাযোগ মন্ত্রী
সবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ শুক্রবার এক শোকবার্তায় বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন দেশের রাজনীতির ইতিহাসের এক ধ্রুবতারা। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহধন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন রাজনীতিক। এদেশের প্রতিটি গণতান্ত্রিক আ্ন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সবশেষ ওয়ান ইলিভেনে কারাবন্দী নেত্রীকে মুক্তির জন্য রাজপথ থেকে আদালতে তাঁর অবিস্মরণীয় ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আদালতে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট জিল্লুর রহমানের একজন জুনিয়র হিসেবে আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মামলায় লড়েছেন একজন প্রকৃত অভিভাবক হয়ে।
তিনি ছিলেন, রাজনৈতিক কর্মীদের জন্য নিবেদিত প্রাণ একজন মহিয়সী।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ কর্মপরিকল্পনা এবং টেশিস এর দোয়েল ল্যাপটপ প্রকল্প বাস্তবায়ন এগিয়ে নেওয়া, অবৈধ ভিওআইপি ব্যাবসা বন্ধে প্রায় ১হাজারটি ভিএসপি লাইসেন্স প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন।
নিরহংকারী সাদা মনের এই রাজনীতিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো ত্যাগী এক নেতা, জাতি হারালো একজন দেশপ্রেমিককে এবং ঢাকা -১৮ নির্বাচনী এলাকার জনগণ হারালো তাদের একজন সুহৃদ অভিভাবক। জনাব মোস্তাফা জব্বার বলেন ,বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় রাজনীতিতে তাঁর ত্যাগ চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে তা কোন দিনও পূরণ হবার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।